পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

Published: November 17, 2026, 4:14 am

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। গতকাল সকাল ১১টায় এই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে মজুরির প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে সভাটি স্থগিত করা হয়েছে। তবে মালিকপক্ষের দাবি, তারা সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সভা স্থগিতের পেছনে রাজনৈতিক অস্থিরতা এবং নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মালিকপক্ষের সম্ভাব্য মজুরি প্রস্তাব নিয়েও উদ্বেগ ছিল। অধিকাংশ মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ থেকে ১৬ হাজার টাকার মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে, অন্যদিকে শ্রমিকদের দাবি ৩২ হাজার টাকা। বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের তুলনামূলক কম মজুরির প্রস্তাব জমা পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পোশাকশিল্পের একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার মালিকপক্ষের মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিকভাবে বিজিএমইএ সভাপতিকে সতর্ক করেছিলেন। তারা বর্তমান পরিস্থিতিতে প্রস্তাব জমা না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের ঝুঁকি উঠে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার রাতেই সরকারের উচ্চপর্যায়ে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সোমবার সকালে সদস্যদের তা জানানো হয়।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সভা স্থগিতের বার্তা পৌঁছায়। এর আগে সকাল ৮টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারকে ফোন করে বিষয়টি অবহিত করেন। সভা স্থগিতের কারণ হিসেবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার বিষয়টিও সামনে এসেছে। বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান তাকে আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের বিষয়গুলোও উল্লেখ করেছেন।

বিজিএমইএ’র সাবেক পরিচালক শোভন ইসলাম এই সিদ্ধান্তকে বিচক্ষণতাপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা রয়েছে, এমন পরিস্থিতিতে মালিকপক্ষের প্রস্তাবকে কেন্দ্র করে শ্রমিকদের ক্ষোভ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা ছিল। তবে তিনি দ্রুত সমঝোতায় পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার জানিয়েছেন, তারা সদস্যের অসুস্থতার কথা শুনেছেন এবং দ্রুত মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ মজুরি কাঠামোয় সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin