অপ্রতিম হত্যা: ৪ দফা দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

Published: September 20, 2026, 8:02 am

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চার দফা দাবি জানিয়ে এবং প্রশাসনের কাছ থেকে বিচার নিশ্চিতের আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রোববার সকাল ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারীদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে— অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন ও ফাঁসি কার্যকর করা; কুমিল্লার পুলিশ সুপার এবং আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তার স্বার্থে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া; এবং নিখোঁজ ব্যক্তিদের তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি রেসপন্স ইউনিট গঠন করা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ‘আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন। এ কারণে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব।’

উল্লেখ্য, গত শুক্রবার, ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার, ১৯ সেপ্টেম্বর কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy