মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলতি সপ্তাহে একটি ঐতিহাসিক রায় ঘোষিত হতে যাচ্ছে। নেদারল্যান্ডসের হেগে আগামী বৃহস্পতিবার এই রায় প্রদান করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করেনি, তাই এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ অভিযোগ ওঠে। এসব ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে। মামলাটির মূল বিবেচ্য বিষয় হলো, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছিল কি না।
লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি জানান, সেনাবাহিনীর ধারাবাহিক হামলা, যৌন সহিংসতা ও হত্যার ধরন থেকেই রোহিঙ্গাদের ধ্বংসের পরিকল্পিত উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়। বিপরীতে মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের অভিযান ছিল কেবলমাত্র বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে।
পর্যবেক্ষকদের মতে, এই রায়ের গুরুত্ব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে আরও ব্যাপক। বিশেষ করে গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারে বিচারকেরা কী অবস্থান নেবেন, তার একটি ইঙ্গিত এই রায়ের মাধ্যমে পাওয়া যেতে পারে। উভয় মামলার ক্ষেত্রেই একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে। তবে ইসরাইল ও মিয়ানমারের মধ্যে পার্থক্য হলো, ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক কূটনৈতিক সমর্থন পেয়ে থাকে।
বর্তমানে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। বাইডেন প্রশাসন রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও, ট্রাম্প প্রশাসনের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ আইসিজে-এর রায়ের মানদণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই মানদণ্ড যেন ভবিষ্যতে ‘মিত্রদেশের সেনাদের’ বিরুদ্ধে ব্যবহার করা না হয়, যা ইসরাইলি সেনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
যদি মিয়ানমার দোষী সাব্যস্ত হয়, তবে দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। একইসঙ্গে বিভিন্ন দেশের ওপর মিয়ানমারে অস্ত্র ও জ্বালানি সরবরাহ বন্ধের চাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী থাকলেও মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাশা, এই রায় তাদের দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ন্যায়বিচার, নাগরিক স্বীকৃতি ও নিজ দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দেবে।





