রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে রূপান্তরের লক্ষ্য নিয়ে একটি বড় ধরনের আধুনিকায়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খাঁচায় বন্দি রাখার বদলে প্রাণীদের উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে বিচরণ নিশ্চিত করা এবং দর্শনার্থীদের বিশ্বমানের বিনোদনের সুযোগ তৈরি করতেই এই দীর্ঘমেয়াদি উদ্যোগ। পাঁচ বছর মেয়াদে বাস্তবায়নের জন্য ৩৩৩ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা এখন প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। পিইসির অনুমোদন ও প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ পেরোনোর পর সরকারি অর্থায়নে এ প্রকল্পের মূল কাজ শুরু হবে।
প্রাথমিকভাবে ঢাকা ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নে ১,২৬৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হলেও সরকারের আর্থিক সংস্থানের সীমাবদ্ধতা বিবেচনায় পরবর্তীতে তা কমিয়ে ১,২৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত এই বিশাল মহাপরিকল্পনাটি একবারে না করে একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করার জন্যই ৩৩৩ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে এবং পরবর্তী ধাপগুলোতে অবশিষ্ট অংশ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান জানিয়েছেন, চলমান কার্যক্রম কিংবা প্রাণীদের বিদ্যমান আবাসস্থলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য প্রথম ধাপে চিড়িয়াখানার একটি খালি অংশের আধুনিকায়ন করা হবে। প্রকল্পের আওতায় ১০২ প্রজাতির দেশি প্রাণীকে আরও উন্নত ও প্রজাতিবান্ধব পরিবেশে মিলবে স্থান। বাঘসহ অন্যান্য বড় প্রাণীকে ছোট খাঁচায় বন্দি না রেখে বনের মতো প্রাকৃতিক আবহ তৈরি করার ওপর সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাঘের বেষ্টনীর চারপাশে প্রায় আট মিটার গভীর খালের ব্যবস্থা থাকবে, যাতে প্রাণীটি লাফিয়ে বের হতে না পারে। পাশাপাশি থাকবে বিশেষ কাচের দেয়াল।
দর্শনার্থীদের জন্য রাখা হচ্ছে বিশেষ সুবিধা। পুরো চিড়িয়াখানা পায়ে হেঁটে পরিদর্শনের পথের পাশাপাশি শিশুকিশোর ও পর্যটকদের জন্য আধুনিক ট্রাম চলাচলের সুযোগ থাকবে। যাতায়াত সহজ করতে বর্তমানে বিদ্যমান মূল গেটের পাশাপাশি ইস্টার্ন হাউজিংয়ের পিছনের দিকে দ্বিতীয় একটি প্রবেশদ্বার নির্মাণ করা হবে। পুরো চত্বরজুড়ে সার্ভিস রুট ও সুনির্দিষ্ট হাঁটার পথ থাকবে। এ ছাড়া আধুনিক ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম বা বর্জ্য ব্যবস্থাপনা, মাস্টার ড্রেনেজ ব্যবস্থা, নতুন পাবলিক টয়লেট এবং পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম নিরাপত্তার বিষয়টি তুলে ধরে জানান, বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অপরাধী ও হকারদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের বাসিন্দাদের ফেলা আবর্জনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রকল্প পাস হলে চিড়িয়াখানা ঘিরে ২৫ ফুট উঁচু সীমানা প্রাচীর এবং প্রাচীর ঘেঁষে হাঁটার নতুন রাস্তা তৈরি করা হবে। পুরো চিড়িয়াখানাকে আফ্রিকান, সাভানা, নকটার্নাল এবং বাংলাদেশ হ্যাবিটেটসহ বিভিন্ন জোনে ভাগ করা হবে। প্রথম ধাপে 'বাংলাদেশ হ্যাবিটেট' জোনের কাজ শুরু হবে, যা প্রাণীদের প্রচলিত খাঁচাবন্দি দশা থেকে মুক্ত পরিবেশে রূপান্তরে বড় ভূমিকা রাখবে।
প্রকল্পটির কারিগরি দিক বিশ্লেষণ করে সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খান বলেন, উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক হলেও এটি প্রাণীদের সম্পূর্ণ খাঁচামুক্ত বা বন্য জীবন নয়। আধুনিক চিড়িয়াখানার ধারণায় কাচের দেয়াল বা নালা দিয়ে প্রাণীদের নির্দিষ্ট একটি বড় পরিসরে আবদ্ধ রাখা হয়, যা দেখতে দৃষ্টিবান্ধব মনে হয় এবং মানুষের সঙ্গে প্রাণীর সরাসরি স্পর্শ রোধ করে। এ ছাড়া দেশের বিদ্যমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রতিটি বরাদ্দকৃত টাকার শতভাগ স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি, যাতে কোনো দুর্নীতি ছাড়া প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয়।





