স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

Published: November 15, 2026, 9:13 am

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এই জটিলতায় তার হৃদযন্ত্রে স্টেন্ট বা রিং বসানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন চিকিৎসকরা। পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এনজিওপ্লাস্টির মাধ্যমে এই স্টেন্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, বুকে ব্যথার কারণেই তাকে হাসপাতালে আনা হয়েছিল।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হয়, যেখানে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা এবং স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে মন্ত্রীর চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। তার নেতৃত্বেই মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, চিকিৎসার জন্য দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্যের ভাষ্যমতে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin