কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।
এর আগে আজ সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ১১টায় গন্ধমতি এলাকায় তার দ্বিতীয় জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার দুপুরে, যখন কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার বাসা থেকে বের হয়ে অপ্রতিম নিখোঁজ হয়। সে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে তার মায়ের আইফোনটি নিয়ে বের হয়েছিল। বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। তদন্তের এক পর্যায়ে শনিবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।





