দক্ষিণ কোরিয়ায় জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক পদে পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘটেছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী নিজেই এ জালিয়াতির কথা স্বীকার করেছেন। রোববার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ওই পরীক্ষার্থী গত এপ্রিল ও জুলাই মাসে অনুষ্ঠিত জাতীয় যোগ্যতা পরীক্ষার উভয় ধাপেই প্রথম স্থান অর্জন করেছিলেন। প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে তিনি ৩৯৭ দশমিক ৫ নম্বর পেয়েছিলেন। ১৬০টি প্রশ্নের মধ্যে তার মাত্র একটি উত্তর ভুল ছিল। এমন অসাধারণ ফলাফলের পর স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠলেও শুরুতে তিনি তা অস্বীকার করেছিলেন।
তবে পরে আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি দিয়ে তিনি জানান, পরীক্ষার সময় উত্তর সংগ্রহের জন্য এআই ব্যবহার করেছিলেন। সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছে, তারা এই লিখিত স্বীকারোক্তি পেয়েছে। এছাড়া আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে পরীক্ষার্থী নিজেই জালিয়াতির কথা স্বীকার করে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন।
ভিডিওতে তিনি বর্ণনা করেন, একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা দিয়ে তিনি পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন এবং পরে স্মার্টফোনে পাওয়া উত্তরগুলো যাচাই করে নিতেন। তিনি জানান, চাকরি ছেড়ে নিজে ব্যবসা শুরু করার পর আর্থিক সংকটে পড়েছিলেন। ভালো একটি চাকরি ছেড়ে দেওয়ার পর মা-বাবার হতাশা তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল, যা থেকে মুক্তি পেতেই তিনি অর্থ উপার্জনের নেশায় এ জালিয়াতির পথ বেছে নেন। একই ধরনের পদ্ধতি অন্যরাও ব্যবহার করতে পারে—এই আশঙ্কায় আইনজীবী বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
দেশটির অর্থ মন্ত্রণালয় ওই পরীক্ষার্থীর পেশাগত যোগ্যতা স্থগিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বর্তমানে স্মার্ট চশমার মতো ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে নজরদারি ও অভিযান জোরদার করেছে।
গত মাসে গ্যাস প্রকৌশলী সনদ পরীক্ষায় স্মার্ট চশমা ব্যবহারকারী এক পরীক্ষার্থীকে ‘এআই ইন্সপেক্টর’ বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরীক্ষক ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এছাড়া গত অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছিল সরকার। আগামী ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা দেশটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও সামাজিক মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।





