বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে ডিজিটাল পোর্টাল আনছে জার্মানি

Published: November 15, 2026, 6:23 am

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ এবং সময়সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। ভিসা অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) নামে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অগ্রগতি সরাসরি ট্র্যাক করার সুবিধা পাবেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘসময় ধরে অপক্ষো করতে হতো। এই সমস্যা নিরসন করে আবেদনপ্রক্রিয়াকে আরও গতিশীল করতেই পোর্টালটি চালু করা হচ্ছে। নতুন কাঠামোয় আবেদনকারীরা সরাসরি দূতাবাসে উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও নথিপত্র আপলোড করার সুযোগ পাবেন। একই সঙ্গে ভিএফএসের (VFS) মাধ্যমে এসব নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করিয়ে নেওয়ার সুযোগ থাকছে। ফলে অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত দিনে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও নথি যাচাইয়ের কাজগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।

জার্মান দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা প্রক্রিয়াকে কার্যকর ও সময়সাশ্রয়ী করতেই এই ডিজিটাল পদক্ষেপ। তবে নতুন ব্যবস্থা চালু হলে আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পুরোনো ব্যবস্থায় নিবন্ধন করেছিলেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে নতুন করে আবেদন জমা দেওয়া আবশ্যক হবে। দূতাবাস স্বীকার করেছে যে এতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাময়িক কিছু অসুবিধা হতে পারে, তবে সামগ্রিকভাবে এটি আবেদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অনলাইনে এই পোর্টালে ঢুকে নতুন নিয়মে নিবন্ধন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনা, ধাপসমূহ এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা নতুন পোর্টালের পাশাপাশি ঢাকার জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

তবে নতুন ব্যবস্থায় আবেদনপ্রক্রিয়া আরও গতিশীল হবে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।.বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেন.বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন.নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন স্নাতক ও স্নাতকোত্তর

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo