আওয়ামী লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩% পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে: ফরেনসিক অডিট

Published: November 15, 2026, 4:18 am

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে ০.৭০ থেকে ১.৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল। সরকারের উদ্যোগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) করা এক ফরেনসিক অডিট বা নিরীক্ষায় তথ্য অসংগতির এই চিত্র ধরা পড়েছে। অডিটে প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর জন্য সুনির্দিষ্ট সাতটি খাত ও কারণ চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় হিসাবকে নির্ভুল ও গ্রহণযোগ্য করতে ১০টি সংস্কার সুপারিশ পেশ করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রবৃদ্ধি প্রাক্কলনে ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বিবিএসের নিজস্ব জরিপ, যেখানে কোনো সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি। কিন্তু বাকি ৪০ শতাংশ তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ বোর্ডের মতো বাহ্যিক সরকারি প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছিল, যেখানে বড় ধরনের গরমিল ও প্রশাসনিক অসংগতি ছিল। মূলত রাজনৈতিক স্বার্থে ও তথাকথিত ‘উন্নয়নের বয়ান’ ভারী করতেই পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে বলে সেমিনারে অর্থনীতিবিদ ও গবেষকেরা মত দেন।

অডিট প্রতিবেদনে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি প্রায়ই ৭ শতাংশের উপরে বা কাছাকাছি দেখানো হতো। এমনকি ২০১৮-১৯ অর্থবছরে তা ৮ শতাংশের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়। তবে করোনা মহামারির ২০১৯-২০ অর্থবছরে তা কমে ৩.৪৫ শতাংশে নেমে আসে। পরবর্তীতে অর্থনীতি সংকটগ্রস্ত হওয়ায় ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। পরিসংখ্যানের এ অসংগতি নিয়ে দীর্ঘদিন বিশেষজ্ঞদের সংশয় ছিল। ২০২৪ সালের নভেম্বরে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যও বিগত আওয়ামী লীগ সরকারের জিডিপি হিসাবকে ভুল ও মনগড়া বলে অভিহিত করেছিলেন।

অডিটে অসংগতির যেসব প্রধান ক্ষেত্র তুলে ধরা হয়েছে, তার মধ্যে ২২টি শিল্প উপখাতের তথ্যে সমন্বয়ের অভাব অন্যতম। উদাহরণ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দেশে সিমেন্ট ও পেট্রোলিয়াম উৎপাদনের যে পরিসংখ্যান দেখানো হয়েছে, জিডিপিতে উক্ত খাতের সংযোজিত মূল্যের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে দরবৃদ্ধির আর্থিক মূল্যকে প্রকৃত উৎপাদন বৃদ্ধি হিসেবে ভুলভাবে স্ফীত করা হয়েছে। এছাড়া এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধি (২০১৪-১৫ অর্থবছরে ২০% এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৩%) ও রপ্তানি তথ্যে গরমিল ছিল। ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের তথ্যে অমিল থাকায় সরকার এখন থেকে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি হিসাবকে প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে তৈরি পোশাক খাতে নির্ভরযোগ্য তথ্য থাকায় সেখানে বড় কোনো অসংগতি মেলেনি।

বিআইডিএস জিডিপির অতিরিক্ত প্রাক্কলনের সাতটি মূল কারণ চিহ্নিত করেছে। এগুলো হলো—বিবিএসের শিল্প উৎপাদন সূচকে ছোট নমুনার ব্যবহার (এমনকি বড় শিল্পে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য নেওয়া), এনবিআরের কর তথ্যে সমন্বিত বিকল্প যাচাইয়ের অভাব, ইপিবির তথ্যে ওভার-ইনভয়েসিং বা অতিরিক্ত মূল্য ঘোষণার প্রভাব, বিভিন্ন সরকারি ও একচেটিয়া সংস্থার প্রশাসনিক তথ্য যাচাই ছাড়া ব্যবহার, নির্মাণ খাতের একটি অংশের পরিবর্তনে সামগ্রিক প্রাক্কলন প্রভাবিত হওয়া, ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রাক্কলনের ওপর যান্ত্রিক নির্ভরতা এবং অতীতে বাড়িয়ে দেখানো ধারা অব্যাহত রেখে পরবর্তী প্রাক্কলন সম্পাদন।

জিডিপির হিসাব সুসংহত করতে বিআইডিএস ১০টি সংস্কারের সুপারিশ দিয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে—তথ্য সংগ্রহের মানসম্মত ছক ব্যবহার, বিবিএসের সেকেন্ডারি তথ্যের কারিগরি পরীক্ষা বাধ্যতামূলক করা, এক খাতের প্রবৃদ্ধির প্রভাবে অন্য খাতের (যেমন পরিবহন) প্রতিফলন মিলছে কি না তা যাচাই করা, উৎপাদন শিল্পের জরিপ (এসএমআই) নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের ভিত্তিবছরের ডেটা নতুন মানে রূপান্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ডেটা সমন্বয়ের কৌশল তৈরি। এছাড়া জিডিপি গণনায় উৎপাদন ও ব্যয় পদ্ধতির পাশাপাশি ‘আয় পদ্ধতি’ পরীক্ষা করা, বিবিএসের পেশাগত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, উপযুক্ত ক্যারিয়ার কাঠামো গঠন, তথ্য প্রকাশের আগে কারিগরি পর্যালোচনার বাধ্যবাধকতা, প্রাক্কলন পদ্ধতি দ্রুত উন্মুক্তকরণ এবং পরিসংখ্যানের মান বজায় রাখতে স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারি পরিসংখ্যানের হারানো আস্থা ফেরাতেই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই নিরীক্ষা করা হয়েছে। তিনি কোনো সম্মানী ছাড়াই দিনরাত পরিশ্রম করে প্রতিবেদন তৈরির জন্য গবেষকদের ধন্যবাদ দেন এবং সরকার তাদের পাশে রয়েছে বলে জানান। সম্মানিত অতিথি জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ড. মাহবুব উল্লাহ বলেন, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে বিবিএসের মাঠপর্যায়ের দক্ষতা ও বৈজ্ঞানিক নমুনা পদ্ধতি বাড়াতে হবে। তিনি জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা (এসএনএ) অনুসরণ ও জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির তাগিদ দেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন, স্বাগত ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন যুগ্ম সচিব ড. দিপংকর রায় এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক।

মূল্যায়নে বলা হয়েছে, ২০১৪–১৫ অর্থবছরে এনবিআরের প্রতিবেদনে দেখা যায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ আর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ। পরবর্তীকালে এ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসে। সিমেন্ট ও ওষুধশিল্পের মতো বড় খাতে পণ্যের দাম বাড়ার সঙ্গে উৎপাদনের আর্থিক মূল্যও বেড়েছে। তবে সেই মূল্যবৃদ্ধিকে উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলার কারণে জিডিপির হিসাবে স্ফীতি তৈরি হয়েছে। বিবিএসের শিল্প উৎপাদন সূচকসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করে দেখানো হয়েছে, জিডিপির হিসাব করার সময় একাধিক পর্যায়ে এ ধরনের অতিরিক্ত হিসাব করা হয়েছে। নিরীক্ষায় রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও গরমিল চিহ্নিত হয়েছে। ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রপ্তানি তথ্যে পার্থক্য ছিল। এনবিআরের তথ্যেও সমন্বিত বাজেট ও হিসাবব্যবস্থা (আইবাস) চালুর আগে অসংগতি ছিল বলে জানান তিতুমীর। তিনি বলেন, সরকার এখন রপ্তানির হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব অসংগতি দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin