শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা নীতিমালা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। দুই ধরনের স্কুলেই শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বোচ্চ ৫৫ জন।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ, শিক্ষার্থীর জন্ম তারিখ অবশ্যই ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বয়সের প্রমাণ হিসেবে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক।
সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির আবেদন, ফি জমা দেওয়া এবং ফল প্রকাশ সম্পন্ন হবে অনলাইনে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় পছন্দক্রমে দিতে পারবে, তবে দ্বৈত পালার বিদ্যালয়ে দুই পালাই পছন্দ করলে তা দুটি বিদ্যালয় হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে। লটারি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। লটারিতে নির্বাচিতদের পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে।
বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ক্যাচমেন্ট এলাকার অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করতে হবে যাতে একই দিনে পরীক্ষা না হয়। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করতে হবে। আবেদন ফরম বিদ্যালয়ের কার্যালয় বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি স্কুলে কিছু পার্থক্য বিদ্যমান। সরকারি স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা ৫০ নম্বরের (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০) এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ১০০ নম্বরের (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০) হবে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ৫০ নম্বরের এবং চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা ১০০ নম্বরের হবে।
আবেদন ফি ও ভর্তি খরচের ক্ষেত্রে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে অনলাইন আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও আবেদন ফি একই হলেও কিছু ক্ষেত্রে ২০০ টাকা নেওয়ার ধারার উল্লেখ রয়েছে। সেশন চার্জসহ ভর্তি ফি এলাকাভেদে মফস্সলে ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১০০০ টাকা, জেলা সদর পৌর এলাকায় ২০০০ টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫০০০ টাকা এবং আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৮০০০ ও ইংরেজি ভার্সনে ১০,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩০০০ টাকার বেশি আদায় করতে পারবে না এবং দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি মওকুফের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবছর সেশন চার্জ নেওয়া গেলেও পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।





