১৭ বছরে উত্তর কোরিয়ার মাউন্ট মানতাপে ১,৩৯৯টি ভূমিকম্প

Published: September 20, 2026, 5:57 am

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষাকেন্দ্র মাউন্ট মানতাপ ও এর সংলগ্ন এলাকায় গত ১৭ বছরে মোট ১,৩৯৯টি ভূমিকম্পের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ভূকম্পনসংক্রান্ত তথ্যগুলো বিশ্লেষণ করে এই সংখ্যা পাওয়া গেছে। অথচ প্রায় ২ হাজার বছরের ঐতিহাসিক রেকর্ডে ওই এলাকায় উল্লেখযোগ্য কোনো ভূমিকম্পের অস্তিত্ব পাওয়া যায়নি।

গবেষকদের মতে, পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট ভূমিকম্প সাধারণত পরীক্ষার কয়েক বছর পরও এভাবে বাড়তে থাকে না, যা এই ফলাফলকে অস্বাভাবিক করে তুলেছে। ওই এলাকায় প্রথম ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালে, যখন উত্তর কোরিয়া তাদের তৃতীয় পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। তবে ২০১৭ সালে ষষ্ঠ এবং সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালানোর পর ভূমিকম্পের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ২০১৭ সালের ওই বিস্ফোরণের সময় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার ফলে একটি সুড়ঙ্গ ধসে পড়ার পাশাপাশি পাহাড়ের চূড়ার আকৃতি প্রায় ৩ মিটার পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কিম জানান, ২০১৭ সালের পর রেকর্ড হওয়া অধিকাংশ ভূমিকম্পের মাত্রা ছিল ২ থেকে ৩-এর মধ্যে এবং এগুলো অগভীর গভীরতায় অনুভূত হয়েছে। গবেষকদের ধারণা, ২০১৭ সালের বড় বিস্ফোরণের পর মাউন্ট মানতাপের নিচের ভূস্তর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।

অধ্যাপক কিম ব্যাখ্যা করেন, বিস্ফোরণের ফলে মাউন্ট মানতাপের ভেতরের পুরোনো সুপ্ত ফাটলগুলো পুনরায় সক্রিয় হয়ে থাকতে পারে। পাশাপাশি, বিস্ফোরণে তৈরি নতুন ফাটলগুলোতে পানি জমে ভূগর্ভস্থ চাপ বৃদ্ধির কারণে পাথরের স্তরগুলোর স্থানচ্যুতি ঘটছে, যা একের পর এক ছোট ছোট ভূমিকম্পের জন্ম দিচ্ছে। চীন ও কোরিয়ার ২ হাজার বছরের ঐতিহাসিক রেকর্ডে ওই এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে মাত্র একটি ভূমিকম্পের তথ্য পাওয়া গিয়েছিল, যা বর্তমান পরিস্থিতির অস্বাভাবিকতাকেই নির্দেশ করে।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh