অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের বিক্ষোভ

Published: September 20, 2026, 5:50 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এর পরপরই ‘জাস্টিস জাস্টিস’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হওয়ার সাথে সাথেই খেলার মাঠ থেকে ছাত্রশিবির ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পুরো কুমিল্লা অঞ্চলে শিক্ষার্থী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh