গাজার পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বললেন এড শিরান, স্বীকার করলেন ভুল

Published: September 20, 2026, 5:41 am

ব্রিটিশ পপ তারকা এড শিরান অবশেষে তার সঙ্গীত সফরকে ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে নিজের ভুল স্বীকার করে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একক কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ, অগ্রহণযোগ্য এবং অসম বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি ৭ই অক্টোবরের হামাস নেতৃত্বাধীন হামলাকেও অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন। বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে বক্তব্য দেয়ায় মার্কিন র‌্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় এড শিরান বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। অনুষ্ঠানের শুরুতে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, তিনি কখনো কোনো আন্দোলনকারী সঙ্গীতশিল্পী হতে চাননি। তবে এই বিতর্ক তাকে বাক্‌স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি নিজের সঙ্গীতজীবনে কোনো রাজনৈতিক ভাষ্যকার হতে চাননি উল্লেখ করে বলেন, এটি মূলত একটি মানবিক বিষয় এবং নিজের ভেতরের অনুভূতি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। গাজায় সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানি এবং পশ্চিম তীরে চলমান কাঠামোগত অবিচার কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না বলে মন্তব্য করেন এই বৃটিশ তারকা। এছাড়া ভেন্যু কর্তৃপক্ষের মাধ্যমে শিল্পীদের বক্তব্যে নজরদারি বা আগে থেকে অনুমোদনের ব্যবস্থারও তীব্র বিরোধিতা করেন তিনি।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার পেছনে ভেন্যু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ছিল প্রধান কারণ। বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফট সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ম্যাকলমোর থাকলে তিনি স্টেডিয়ামে কনসার্ট করতে দেবেন না। এই ঘটনার প্রতিবাদে আইরিশ গায়ক অ্যারন রো, ডেনিশ সঙ্গীতশিল্পী লুকাস গ্রাহাম এবং ব্যান্ড বেওগাসহ সব সহযোগী শিল্পী সফর বর্জন করেন। এই বিতর্কের জেরে সফরের টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায় এবং টিকেটের সর্বনিম্ন দাম নেমে আসে ৩২ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৯৪০ টাকা। অন্যদিকে কিছু ভক্ত তাদের কেনা ৪৫০ ডলারের (প্রায় ৫৫ হাজার ৪০৪ টাকা) টিকিট ফেরত নেওয়ার দাবি জানান। স্টেডিয়ামের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিলেও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হওয়া শিরানের এই একক কনসার্ট শেষ পর্যন্ত বড় কোনো বাধা ছাড়াই সম্পন্ন হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin