কুবি ক্যাম্পাসে অপ্রতিমের জানাজা, ছেলের জন্য বাবার আকুতি

Published: September 20, 2026, 5:38 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

জানাজার আগে অপ্রতিমের বাবা শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে উপস্থিত সবার সামনে কথা বলেন। তিনি বলেন, 'আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমার ছেলেকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তার আত্মার মাগফিরাত করেন।' জানাজা শেষে উপস্থিত সবাই অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার জন্য বাসা থেকে বেরিয়ে অপ্রতিম নিখোঁজ হয়। তাকে উদ্ধারে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তা নিজ বাসায় নেওয়া হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy