ইতালির প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় এক প্রেরকের কাছ থেকে ইমেইল পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে ইতালির বার্তা সংস্থা আনসার বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
হুমকি পাওয়ার পর বেশ কিছু স্কুলে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। ইমেইলের বার্তায় দাবি করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে প্লাস্টিকের ব্যাগে শক্তিশালী বিস্ফোরক রাখা হয়েছে যা রিমোটের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বার্তায় ইতালীয়দের বিরুদ্ধে সহিংসতার হুমকিও দেওয়া হয়েছে। নিজেকে ‘ভিলায়াত অব মিসোগিনিস্তান’ নামের একটি গোষ্ঠীর নেতা দাবি করে এই ইমেইল পাঠানো হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, তদন্তে এখন পর্যন্ত বাস্তব কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তিনি একে আতঙ্ক ও উদ্বেগ ছড়ানোর একটি কৌশলের অংশ হিসেবে দেখছেন। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা জানান, প্রায় ৩০০টি স্কুল থেকে হুমকির ইমেইল পাওয়ার কথা জানানো হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি একে একটি সন্দেহজনক সাইবার হামলা হিসেবে উল্লেখ করে জানান, বর্তমানে প্রকৃত ঝুঁকি প্রায় নেই বললেই চলে।
নিরাপত্তা সংস্থাগুলো ইমেইল প্রেরকদের শনাক্ত করার চেষ্টা করছে এবং পুরো পরিস্থিতির সমন্বয় করছে সরকার। সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত তল্লাশিতে কোনো বাস্তব বিপদের চিহ্ন পাওয়া যায়নি। উল্লেখ্য, এর কয়েক দিন আগেও প্রায় ২৮০ জন স্কুল অধ্যক্ষের কাছে অনুরূপ হুমকির ইমেইল পাঠানো হয়েছিল।





