বিদেশি এজেন্সির সঙ্গে বৈঠকের প্রশ্নই ওঠে না: জামায়াত আমির

Published: November 11, 2026, 6:08 pm

কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা বা গোপনে বৈঠক করার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তারা কেবল রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গেই আলোচনায় বসতে পারে, কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানানো হলে জামায়াতে ইসলামী তার পাশে থাকবে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষভাগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্যের যে চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন, তার সঙ্গে তিনি শতভাগ একমত পোষণ করছেন। তিনি আরও বলেন, কোনো প্রকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়, বরং চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল, তাকে সমুন্নত রাখাই প্রধান দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সাথে গড়ে তুলতে হবে। এর জন্য সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের সাথে আপস করেনি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy