কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

Published: November 11, 2026, 4:54 pm

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাটি থেকে প্রায় ১৫ ফুট উঁচুতে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার সময় যুবকের গলায় ফাঁস লাগানো ছিল।

নিহত যুবকের নাম নুরুল আবছার (৩০)। তিনি চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে নুরুল আবছার সবার ছোট ছিলেন। পরিবার জানিয়েছে, বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বড় বড় গাছে ভরা বাগানটিতে ঝুলন্ত অবস্থায় নুরুল আবছারের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি দেখে তারা চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদকে অবহিত করেন। পরে তাঁর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। সেখানে যুবকের দুই হাত বাঁধা ছিল এবং গলায় ফাঁস লাগানো ছিল। এছাড়া ঘটনাস্থলের কাছাকাছি তাস খেলার কিছু কার্ড ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

ঘটনার বিষয়ে নিহত নুরুল আবছারের বাবা আবদুর রহিম জানান, সকালে বাসা থেকে বের হওয়া ছেলের মরদেহ গাছে ঝুলবে—এমনটা তিনি ধারণা করতে পারেননি। ঘটনার পেছনে আসল কারণ কী, তা তিনি বুঝতে পারছেন না উল্লেখ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) নাসিফ ইনসান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মাটি থেকে ১৫ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহের হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo