স্পেনে আবাসন ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার প্রতিবাদে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। ২০১২ সালের পর স্পেনে এটিই প্রথম কোনো সাধারণ ধর্মঘট। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এই কর্মসূচি পালিত হলো।
দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও এই ধর্মঘটে সরাসরি সমর্থন দিয়েছে, যারা ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এর পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের বিভিন্ন সংগঠনও ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি অনুযায়ী, আজকের ধর্মঘট সফল হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, যেখানে আবাসনসংকট সবচেয়ে প্রকট, সেখানে ধর্মঘটের প্রভাব ছিল বেশি। রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় অনেক দোকানপাট বন্ধ ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মাদ্রিদের একটি বাজারে পিকেটিংয়ের সময় পুলিশের পেপার স্প্রে ব্যবহারের অভিযোগ করেছে সিসিওও। তাদের দাবি, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩ জনকে চিকিৎসা নিতে হয়েছে। শ্রমিকেরা এ ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও পুলিশ পেপার স্প্রে ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি।
স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি ভাড়া নেওয়ার হার বাড়ার কারণে ভাড়ার দামও ক্রমাগত ঊর্ধ্বমুখী।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী হেসুস গনসালেস, যিনি একটি হাসপাতালে কাজ করেন, তিনিও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, 'আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব।'





