সাভারের বন্ধ ট্যানারি সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার

Published: November 11, 2026, 2:00 pm

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো দ্রুত চালু করতে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। এছাড়া সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে।

সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্বীকার করে মন্ত্রী বলেন, সরকার এখন এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, গত বছর লেদার ও নন-লেদার মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বর্তমানে বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম বড় বাজার। এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের সিএমএসএমই খাতের গুরুত্ব নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম, যা ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন জটিলতা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে পুনর্গঠন করা হচ্ছে এবং ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডসসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin