টাঙ্গাইলে ব্যবসা বাড়াতে ইকো-নেস্ট পাওয়ারকে পরিবেশক করল আকিজ মোটরস

Published: November 11, 2026, 1:06 pm

টাঙ্গাইল জেলায় নিজস্ব ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ইকো-নেস্ট পাওয়ারকে নতুন পরিবেশক হিসেবে যুক্ত করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মোটরস। এ উপলক্ষে গত রোববার রাজধানীর একটি হোটেলে আকিজ মোটরস ও ইকো-নেস্ট পাওয়ারের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এই যৌথ উদ্যোগের কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানে আকিজ মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিন উদ্দীন, পরিচালক শেখ আজমান উদ্দীন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা নাজমুন নাহার, নির্বাহী পরিচালক রুহুল আমিন এবং মহাব্যবস্থাপক (পরিচালনা) গাজী মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ইকো-নেস্ট পাওয়ারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ছাড়াও বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য পরিবেশক ও ব্যবসায়ী প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এই বাণিজ্যিক অংশীদারত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলায় আকিজ মোটরসের বেশ কিছু পণ্যের বাজার সম্প্রসারণ করা হবে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক যানবাহন, ইলেকট্রিক মোটরসাইকেল, ইলেকট্রিক ভেহিক্যাল, বুয়েট ও সরকার অনুমোদিত ইলেকট্রিক রিকশা ‘পথিক’, লিথিয়াম ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম, অটো সার্ভিস ইকুইপমেন্ট এবং অটোমোবাইল যন্ত্রাংশ।

অনুষ্ঠানে আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মোটরসের প্রতিষ্ঠাতা শেখ আমিন উদ্দীন বলেন, গ্রাহকদের কাছে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক ও টেকসই পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসম্পন্ন বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই আকিজ মোটরসের প্রধান লক্ষ্য। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই তাদের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

আকিজ মোটরসের ব্যবসায়িক অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করে ইকো-নেস্ট পাওয়ারের কর্ণধার মো. কামরুজ্জামান বলেন, আকিজ গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ও সাধারণ মানুষের কাছে তাদের পণ্যের যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে টাঙ্গাইল জেলায় আকিজ মোটরসের পণ্য বিক্রয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করাই ইকো-নেস্ট পাওয়ারের প্রধান লক্ষ্য।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo