অপ্রতিম হত্যায় অভিযুক্ত তুহিনকে নিয়ে ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

Published: September 20, 2026, 3:48 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনকে নিয়ে তীব্র ক্ষোভ ও বিস্ফোরক মন্তব্য করেছেন আসাদ উল্লাহ সোহাগ নামের এক ভুক্তভোগী। ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, ‘চোর তুহিন থেকে সে আজকে খুনি তুহিন হয়েছে!’

আসাদ উল্লাহ সোহাগের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণে অতীতে একাধিক অভিযোগ সত্ত্বেও পুলিশ তুহিনের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি জানান, ২০২৫ সালের ২৬ এপ্রিল তুহিন কৌশলে তাকে ডেকে নিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি হাতিয়ে নেয়। সে সময় তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছিল।

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সোহাগ লেখেন, সেদিন থানা পুলিশ তাকে জানিয়েছিল যে তুহিনের মাথার ওপর রাজনৈতিক দলের বড় নেতার হাত রয়েছে, তাই তাকে যেন কিছু না করা হয়। তিনি আরও বলেন, ‘সেদিন আমি চুপ ছিলাম, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি—দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, চরিত্র বদলায়নি! অর্থ ছাড়া এই দেশে সহজ বিচারে সুবিচার পাওয়া যায় না।’

মোটরসাইকেল খোয়ানোর চেয়ে সামাজিক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়াকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি লেখেন, ছোট ছোট অপরাধের সঠিক বিচার না হওয়ার কারণেই অপরাধীরা পরবর্তীতে বড় ও ভয়ানক অপরাধ ঘটানোর সাহস পায়। অতীতে যেসব নেতা ক্ষমতার প্রভাব দেখিয়ে তুহিনকে আইন ও বিচার থেকে বাঁচিয়ে রেখেছিলেন, আজকে তারা তাকে কীভাবে বাঁচাবেন—এমন প্রশ্নও তুলেছেন তিনি।

উল্লেখ্য, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে, যাদের মধ্যে তুহিন অন্যতম প্রধান অভিযুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh