শ্রমিকদের সুচিকিৎসায় ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা

Published: November 9, 2026, 6:20 pm

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ছয়টি প্রধান শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি ১০০ শয্যার এই হাসপাতালগুলোতে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে এই হাসপাতালগুলো স্থাপন করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। সংসদ সদস্য শিমুল বিশ্বাস নিম্ন আয়ের উৎপাদনশীল জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের জন্য শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের বিষয়ে জানতে চেয়েছিলেন।

অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি এ সময় শিমুল বিশ্বাসকে আইনজীবী হিসেবে তার বুদ্ধিমত্তার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকলেও সেদিন তিনি উপস্থিত থাকবেন না বলেই প্রশ্নটি আগে করেছেন।

শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে রাখা হয়েছিল এবং বিশেষ করে গ্রামীণ চিকিৎসাব্যবস্থার অবনতি ঘটানো হয়েছিল। প্রধানমন্ত্রীর মতে, সেই সময়ের ভুল নীতির কারণে দেশের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট বিদেশি দেশের ওপর নির্ভরশীল হতে হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh