শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে এসব খাবার জব্দ করা হয়।
স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে যে, আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল। তবে বিপুল পরিমাণ এই রান্না করা খাবার মজুতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। তিনি বলেন, 'ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।'
একসঙ্গে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দের ঘটনায় নাওডোবা বাজার ও এর আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খিচুড়িগুলোর প্রকৃত মালিকানা এবং মজুতের সুনির্দিষ্ট উদ্দেশ্য নিশ্চিত করতে পুলিশ বর্তমানে বিষয়টি যাচাই-বাছাই করছে।





