১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Published: November 9, 2026, 4:11 pm

অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এসব সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট এনজিওগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিবন্ধন বাতিলের মূল কারণগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অনুদানের অর্থ আত্মসাৎ করা, নিবন্ধনের শর্তাবলী ও ব্যুরোর দেওয়া আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও জানান, এনজিওবিষয়ক ব্যুরো নির্ধারিত নীতিমালা ও সরকারি নিয়ম মেনে নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, নিবন্ধন নবায়ন করা, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্পের অনুমোদন প্রদান, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম নিয়মিত তদারকি করে থাকে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মূল সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে।

দেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নারী নির্যাতন প্রতিরোধে এনজিওগুলো কাজ করছে। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও তারা ভূমিকা রাখছে। তবে উন্নয়ন কর্মকাণ্ডের সুযোগ নিয়ে কোনো সংস্থা বেআইনি কাজে জড়ালে সরকারের কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin