শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

Published: November 9, 2026, 4:15 pm

সুযোগের অভাবে যেন কোনো শিশু-কিশোর পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।

পরিদর্শনের শুরুতে ডা. জুবাইদা রহমান প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এসময় শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। পরিদর্শনের সময় তাকে দেশজুড়ে প্রয়াসের শাখাগুলোর বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

প্রতিটি শিশুকে দেশের জন্য অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কাজে তাদের অর্জনকে দেশের জন্য গৌরব হিসেবে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, সুযোগের অভাবে যেন কোনো শিশুই পিছিয়ে না পড়ে। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রয়াসের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যম প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin