দেশের সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন, যোগদানের নির্দেশ ১২ নভেম্বরের মধ্যে

Published: November 9, 2026, 12:05 pm

৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থল নির্ধারণ করে দেওয়া হয়। সোমবার সংশোধিত এই প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে সর্বমোট ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে এই নিয়োগ সম্পন্ন হয়। নবনিয়োগপ্রাপ্তরা এর আগে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন এবং ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে তাদের নির্ধারিত সরকারি কলেজে পদায়ন করা হলো। পদায়নপ্রাপ্ত প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের বিষয়টি আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে এবং এই সময়ের মধ্যে কোনো বদলির আবেদন বিবেচনা করা হবে না। এছাড়া বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদায়ন পাওয়া প্রভাষকদের তালিকা দেখতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy