যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে প্রাণ ঝুঁকিতে নাবিকেরা, হরমুজে বাড়ছে উদ্বেগ

Published: November 9, 2026, 10:07 am

বিশ্ব বাণিজ্য সচল রাখতে নাবিকেরা প্রতিনিয়ত প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্রপথে জাহাজ পরিচালনা করেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের কারণে তাদের এই যাত্রাপথ এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। গত নয় মাস ধরে চলমান এই সংঘাতের ফলে হরমুজ প্রণালি ও এর আশেপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলো বারবার হামলার শিকার হচ্ছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথটি এখন তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহনকারী নাবিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও-এর তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ভারতের নাগরিকের সংখ্যাই বেশি। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস) আল জাজিরাকে জানিয়েছে, নাবিকদের বিপদে ফেলার এই পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আইসিএস মুখপাত্রের মতে, কোনো দোষ ছাড়াই নাবিকেরা যে অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌপরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। যুদ্ধের আগে বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। যুদ্ধ শুরুর পর ইরান মূলত প্রণালিটি বন্ধ করে দেয় এবং অনুমোদন ছাড়া জাহাজ চলাচলের ওপর হামলার হুঁশিয়ারি দেয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। আইএমও জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২৯টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে ক্ষেপণাস্ত্র, প্রজেক্টাইল ও নৌ মাইন ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার ইরানি বাহিনী জানায়, প্রণালিতে পৃথক ঘটনায় পাঁচটি তেলের ট্যাংকার ও একটি টাগবোটে আগুন ধরেছে। এছাড়া ভেলোস স্যাফায়ার নামের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকারে বিস্ফোরণে এক নাবিক নিহত হয়েছেন। অক্টোবর মাসটি ছিল বাণিজ্যিক জাহাজের জন্য সবচেয়ে ভয়াবহ, যখন অন্তত ৩১টি জাহাজে হামলা চালানো হয়।

হতাহতদের বেশিরভাগই বেসামরিক বাণিজ্যিক নাবিক, যারা তেলের ট্যাংকার, কার্গো জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজে কাজ করেন। অনেকেই সংঘাত থেকে অনেক দূরের দেশগুলোর নাগরিক। এর মধ্যে ভারতের নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গত জুনে ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক এবং মঙ্গলবার এমএসভি আল ইউসুফি কার্গো জাহাজে হামলায় গুজরাটের গান্ধার নাহিম আজিজ নিহত হন। অক্টোবরে ওমানের কাছে পানামার পতাকাবাহী ট্যাংকার অন পিস-এ হামলায় ১২ জন নাবিক আহত হন, যাদের ১১ জনই ভারতীয় নাগরিক ছিলেন। সেপ্টেম্বরে হরমুজ প্রণালির কাছে সৌদি ট্যাংকার সিদরে হামলায় দুই ফিলিপিনো নাবিক নিহত হন। ইরানি বেসামরিক সামুদ্রিক কর্মীরাও হতাহত হয়েছেন। মে মাসে ইরানের মার্চেন্ট জাহাজে হামলার ঘটনা ঘটে।

আইসিএস মুখপাত্র জানিয়েছেন, কেবল শারীরিক ঝুঁকি নয়, এই যুদ্ধ নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলছে। নাবিকদের মানসিক সহায়তা প্রদানের পাশাপাশি পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ সহজ করার চেষ্টা করছেন জাহাজ মালিকরা। আগস্টের শেষে প্রায় ৬ হাজার নাবিক হরমুজ প্রণালির কাছে আটকে ছিলেন। ইন্টারন্যাশনাল বারগেইনিং ফোরামের অধীনে মার্চ মাসে হওয়া চুক্তি অনুযায়ী, নাবিকদের বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করার অধিকার, অর্থায়িত প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। তবে এই সুরক্ষাগুলো সবক্ষেত্রে কার্যকর নয়। দাতব্য সংস্থাগুলো সতর্ক করেছে যে, উপসাগরীয় অঞ্চলে নাবিকেরা একাকীত্ব ও তীব্র মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন।

আন্তর্জাতিক সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘের কনভেনশনের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাহাজ এবং বিমান ট্রানজিট প্যাসেজ বা যাতায়াতের অধিকার ভোগ করে, যা কোনো দেশ স্থগিত করতে পারে না। ১৭ অনুচ্ছেদ অন্য দেশের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে বিদেশি জাহাজগুলোকে ইনোসেন্ট প্যাসেজ বা নির্দোষ যাতায়াতের অধিকারের নিশ্চয়তা দেয়। ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, এমন যাতায়াত উপকূলীয় রাষ্ট্রের শান্তি, সুশৃঙ্খল পরিবেশ বা নিরাপত্তার জন্য ক্ষতিকর হওয়া যাবে না। লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ আবদুল খালিক আল জাজিরাকে জানান, আইনের বাধ্যবাধকতা থাকলেও রাজনৈতিক সদিচ্ছা ও ব্যবহারিক প্রয়োগের অভাবে নাবিকদের সুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। আইএমও জুনে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও বারবার বাধার মুখে পড়ছে সেই প্রচেষ্টা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin