ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত

Published: November 21, 2026, 3:38 am

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী, এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়-বৃষ্টির আশঙ্কায় থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার ওপর দিয়ে দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আভাস থাকায় অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে সতর্কসংকেত মেনে চলতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy