ফ্যাসিবাদ রুখতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান যুব জমিয়তের

Published: November 21, 2026, 10:35 am

পরাজিত ফ্যাসিবাদী শক্তি যেন কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে, সে বিষয়ে যুব জমিয়ত বাংলাদেশের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইসহাক কামাল। শনিবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমাদের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মসূচি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে মাওলানা ইসহাক কামাল বলেন, পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী পুনরায় ফিরে আসার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা পরিকল্পিতভাবে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমাল রক্ষায় যুব জমিয়তের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সচেতন ও ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করার নির্দেশনা দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনের কোনো বিকল্প নেই। তৃণমূলের প্রতিটি স্তরে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে হবে। আদর্শিক ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। বৈঠকে যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলাইমান মাদানী, মাওলানা সালমান জামী ও মাওলানা মুহাম্মদ আলী; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা আব্দুল মুকতাদির, মাওলানা মাসুম আল মাহদী ও মাওলানা হাবিবুল্লাহ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ; সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এনামুল হক উসমানী, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মতিউর রহমান ও জুবায়ের মাহমুদ; অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান; সহ-অর্থ সম্পাদক হাফিজ মনসুর আহমদ; সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী; সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী; পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ; দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং নির্বাহী সদস্য মাওলানা জামিল আহমদ ও মাওলানা সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh