হুতিদের হটিয়ে কৌশলগত মোখা বন্দর পুনর্দখল করল ইয়েমেনের সরকারি বাহিনী

Published: October 6, 2026, 4:42 am

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়ে কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখল করার দাবি করেছে। গতকাল সোমবার ইয়েমেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব প্রণালির কাছ থেকে ইরান-সমর্থিত হুতিদের হটাতে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানা অভিমুখেও একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করা হয়েছে।

সামরিক বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মোখার নিকটবর্তী বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এতে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন হুতি যোদ্ধাকে আটক করার কথা জানিয়েছেন সামরিক সূত্রগুলো, তবে সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার মুখে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের এই সংঘাত নতুন করে মাথাচাড়া দিল।

এর আগে গত সেপ্টেম্বর মাসে এক আকস্মিক অভিযানে দেশটির পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের মোখা বন্দর এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল হুতিরা। ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল দিনের শুরুর দিকে ইয়েমেনি বাহিনী জানায়, তারা তায়েজ প্রদেশের ধুবাব জেলার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখলে নিয়ে সানা অভিমুখে অভিযান শুরু করেছে। ধুবাবের লড়াই নিয়ে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান সহায়তায় ‘হোমল্যান্ড শিল্ড ফোর্সেস’ ও ‘জায়ান্টস ব্রিগেডস’ সদস্যদের সমন্বয়ে এই বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়। সেখানে হুতিদের অবস্থান ও চলাচল লক্ষ্য করে হামলা চালানো হয়।

সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাবাকে জানিয়েছে, অভিযানে সরকারি বাহিনী অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বাব আল-মানদেবগামী সরবরাহপথ ও সড়কগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে। এই সংঘর্ষে হুতিদের বহু যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সূত্রটি। মুক্ত করা এলাকাগুলোতে বর্তমানে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে।

এর কিছুক্ষণ পর, ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার ঘোষণা দিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ইয়েমেনি বাহিনীকে সহায়তার জন্য ১০০টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, জোট বাহিনী বাব আল-মানদেব প্রণালিতে ‘আকাশপথে সুরক্ষা’ নিশ্চিত করেছে এবং হুতিদের কয়েক শ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবির সত্যতা আল-জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo