নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ৩২ জনেরই মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে।
দেশটির এভিয়াশন মন্ত্রী ফেসটাস কেয়ামো জানিয়েছেন, গত সোমবার (৫ অক্টোবর) বিমানটি নাইজেরিয়ার অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি রুটিন মিশনে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এটি বিধ্বস্ত হয়।
মন্ত্রী আরও জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ থেকে লাগোসের দিকে যাওয়ার পথে মাঝ আকাশে দুর্ঘটনাটি ঘটে। নাইজেরিয়ার একটি নৌঘাঁটির কাছাকাছি এলাকা থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
নাইজেরীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এটিআর-৪২ (ATR-42) মডেলের। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দল যখন নৌকায় করে উদ্ধারকাজ চালাচ্ছিল, তখন সেখানে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।
দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করে স্থানীয় এক বাসিন্দা জানান, বিমানটি আছড়ে পড়ার সময় বেশ কিছু গাছপালা ভেঙে চুরমার হয়ে যায়। তারা ঘটনাস্থল থেকে কয়েকজনের দেহাবশেষ, কিছু জামাকাপড় ও জুতো উদ্ধার করতে সক্ষম হয়েছেন।





