বিশ্ব ডায়াবেটিস দিবস আজ: সচেতনতায় গুরুত্বারোপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Published: November 14, 2026, 3:15 am

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

ডায়াবেটিসকে একটি নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশে এর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক, কিডনি অকেজো, অন্ধত্ব, স্নায়ু ও রক্তনালির ক্ষতি এবং পায়ে পচন ধরে অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে সঠিক সময়ে রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে পারলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। তিনি কর্মস্থল ও সমাজে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক কর্মক্ষম জীবনযাপন করা যায়। তিনি দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে ডায়াবেটিসকে বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh