প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই। ৭৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মী ও কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পূরবী বসু। তার স্বামী জানান, তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া অতীতে একবার স্ট্রোক এবং একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা নাজুক ছিল।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
পেশাগত জীবনে বিজ্ঞানী হিসেবে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। দেশে ফিরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও রেখে গেছেন গভীর ছাপ। তার লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। সাহিত্য ও জীবনের দীর্ঘ যাত্রায় তারা ছিলেন একে অপরের সহযাত্রী।





