জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্য রেখায় গত ছয়দিন ধরে আটকে আছেন এক নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার ওই নারী বর্তমানে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর সকাল ৮টার দিকে। ওই সময় ৩০ বছর বয়সী ওই নারীকে আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর নিকট দিয়ে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে জামালপুর ৩৫ বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে বিএসএফ তাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়। এরপর থেকেই ওই নারী নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
স্থানীয়রা পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির সমাধানের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।’





