সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু: এইচআরএসএস প্রতিবেদন

Published: October 3, 2026, 3:33 pm

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)-এর প্রকাশিত মাসিক প্রতিবেদন অনুযায়ী, মাসটিতে মোট ২৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে অন্তত ৭৯ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার ৬০ শতাংশ বা ৪৭ জনই অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরী। এছাড়া ১৩ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৫টি। পারিবারিক সহিংসতার কারণে প্রাণ হারিয়েছেন আরও ৪৩ জন নারী।

মাসজুড়ে বিভিন্ন ধরনের সহিংসতায় ৭৮ জন শিশু প্রাণ হারিয়েছে। রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রে ৬৮টি ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় সংঘাত ও প্রাণহানির সংখ্যা কিছুটা কমলেও দলীয় কোন্দল অব্যাহত ছিল। রাজনৈতিক সংঘাতের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৩৫টি ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৬১ জন, বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষে ১ জন নিহত ও ৪২ জন আহত, জামায়াত-আওয়ামী লীগের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত, বিএনপি-এনসিপির সংঘর্ষে ১৬ জন এবং বিএনপি ও অন্যান্য দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে ৭টি ঘটনায় ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহত ৪ জনের মধ্যে আওয়ামী লীগের ২ জন, বিএনপির ১ জন ও জামায়াতের ১ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার দুর্বলতার কারণে ৩৫টি মব সহিংসতার ঘটনায় ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও নির্যাতনে মারা গেছেন ৩ জন। পরিত্যক্ত স্থান ও নদী-খাল থেকে উদ্ধার করা হয়েছে ৬৯টি লাশ। পাশাপাশি ৩৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এছাড়া যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে মতপ্রকাশে বাধা, মব সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তিনি মানবাধিকার রক্ষায় সরকারকে দ্রুত জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh