জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

Published: September 17, 2026, 9:26 am

নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এর পেছনে সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং শান্তির সম্ভাবনা নষ্ট করার মতো কারণগুলোকে দায়ী করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইসরাইল-ফিলিস্তিন সংকটকে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের মতো বৈশ্বিক ফোরামে নিয়ে গিয়ে বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা চালাচ্ছে তারা। এছাড়া বিতর্কিত ব্যক্তিদের নিয়মিত ভাতা প্রদান অব্যাহত রাখার বিষয়টিও ওয়াশিংটনের আপত্তির অন্যতম কারণ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী সপ্তাহে সাধারণ অধিবেশন চলাকালীন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়নি। ১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তি অনুযায়ী বিদেশি কূটনীতিকদের নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র বাধ্য থাকলেও, নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং চরমপন্থার অজুহাত দেখিয়ে ওয়াশিংটন এই ভিসা আটকে দিচ্ছে।

গত বছরের অধিবেশনেও ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সশরীরে যোগদানে বাধা সৃষ্টি করায়, এবারও মাহমুদ আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার বিষয়ে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘে ফিলিস্তিন পূর্ণ সদস্য নয়, বরং ভ্যাটিকানের মতো পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা ভোগ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin