স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রদান করেছেন। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভাটি স্থানীয় সরকার বিভাগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত, অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্পসমূহের অনুমোদন ও পর্যালোচনা বিষয়ক ছিল। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দেন। তিনি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন। এছাড়া ঢাকার জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ উন্নয়নে দুই সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পাশাপাশি সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সভায় বলেন, সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন যেন প্রতিটি প্রকল্প গ্রহণে থাকে। তিনি ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া একই ধরনের প্রকল্পগুলোকে ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বিত করার মাধ্যমে পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমিয়ে সরকারি সম্পদের অপচয় রোধ ও প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এছাড়া প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, সময়সীমা নির্ধারণ এবং প্রয়োজন অনুযায়ী রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





