ট্রাম্প-পুতিন-শির নজিরবিহীন বৈঠক: বৈশ্বিক রাজনীতিতে প্রভাব কতটুকু

Published: November 15, 2026, 8:31 am

আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় রচনার প্রস্তুতি হিসেবে বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা এক টেবিলে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র এবং চলমান যুদ্ধগুলো নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্য থাকায় এই আয়োজন ঘিরে বিশ্বজুড়ে প্রবল কৌতুহল তৈরি হয়েছে। তবে মূল বৈঠকের আলোচ্যসূচি কিংবা প্রশাসনিক কাঠামো এখনো চূড়ান্ত রূপ পায়নি। বিশ্লেষকদের মতে, আলোচনা থেকে তাত্ক্ষণিক কোনো বড় চুক্তি বা ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যের সম্ভাবনা কম, বরং এর কৌশলগত বার্তা ও প্রতীকী গুরুত্বই মুখ্য হয়ে উঠতে পারে।

সম্ভাব্য এ বৈঠকে বিশ্বরাজনীতির বেশ কয়েকটি জলন্ত ইস্যু স্থান পেতে পারে, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ইরান সংকট। তবে আন্তর্জাতিক মঞ্চে নিজের রাজনৈতিক নেতৃত্ব ও কূটনৈতিক প্রভাব নতুন করে তুলে ধরার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বশক্তিগুলোকে নিয়ে একটি আধুনিক ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আলোচনা শুরু করতে আগ্রহী। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে কার্যকর থাকা ঐতিহাসিক ‘নিউ স্টার্ট’ পারমাণবিক চুক্তির মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ায় বিশ্বের দুই প্রধান পারমাণবিক শক্তির কৌশলগত অস্ত্রভান্ডারের ওপর এতদিন ধরে থাকা আইনি সীমা বাতিল হয়ে গেছে। এই শূন্যতায় ট্রাম্প শুধু রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি না করে বেইজিংকেও নতুন কাঠামোর আওতায় আনতে চান।

তবে ট্রাম্পের এই বিস্তৃত চুক্তির প্রস্তাবে চীনের ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে বর্তমানে অন্তত পাঁচ হাজার করে পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে, যেখানে চীনের সংগ্রহে রয়েছে ৬০০-এর কিছু বেশি ওয়ারহেড। এমন বিশাল ব্যবধান বজায় থাকা অবস্থায় ওয়াশিংটন ও মস্কোর সমপর্যায়ে বসে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি করাকে অবাস্তব ও অন্যায্য মনে করে বেইজিং। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও গোপনে স্বীকার করছেন যে, এই বৈঠক থেকে কোনো নতুন পারমাণবিক সমঝোতা বা আনুষ্ঠানিক ঘোষণার প্রত্যাশা ওয়াশিংটনও করছে না।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই বৈঠকের সমীকরণ ভিন্ন। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মস্কোর নিজস্ব শর্ত অনুযায়ী দরকষাকষির পরিবেশ তৈরি করা তার অন্যতম লক্ষ্য হলেও, বেইজিং এ ইস্যুটিকে ত্রিপক্ষীয় আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে আগ্রহী নয়। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা আভাস দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও এই বৈঠক চলাকালে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গটি না তোলার পরিকল্পনা করছেন। ফলে পারমাণবিক নিরাপত্তার মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্র নিয়ে কথাবার্তা হলেও আঞ্চলিক যুদ্ধ শেষ করার মতো কোনো যুগান্তকারী সমঝোতা এখান থেকে আসবে না বললেই চলে।

তিন বিশ্বনেতার এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের স্মৃতি ও আশঙ্কা নতুন করে জেগে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, সোভিয়েত প্রধান জোসেফ স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যেভাবে জার্মানি ও বার্লিনকে নিজেদের মধ্যে সামরিক দখলিকৃত অঞ্চলে বিভক্ত করাসহ বিশ্বব্যবস্থার নতুন ভাগাভাগি নির্ধারণ করেছিলেন, এবারের বৈঠকও ছোট রাষ্ট্রগুলোর মধ্যে একই ধরনের ভীতি সৃষ্টি করেছে। বিশেষ করে ইউক্রেন ও তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে তাদের উপস্থিতি ছাড়াই বড় তিন শক্তি কোনো গোপন সমঝোতায় পৌঁছায় কি না—তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেনজেন বৈঠক যেন কিয়েভকে পাশ কাটিয়ে প্রভাববলয় পুনর্নির্ধারণের কোনো নতুন ‘ইয়াল্টা’ সম্মেলনে পরিণত না হয়। অবশ্য ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তুলনা প্রত্যাখ্যান করে বলেছেন, শেনজেনে গৃহীত কোনো সিদ্ধান্ত অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া হবে না; পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতেই আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি গড়া উচিত।

স্বাগতিক দেশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈশ্বিক রাজনীতিতে বেইজিংয়ের ভূরাজনৈতিক ভারসাম্য ও নেতৃত্বের উচ্চতা প্রকাশের বিশাল সুযোগ পাচ্ছেন, তবে তার সামনে কূটনৈতিক জটিলতাও কম নয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার অর্থনীতিকে অবরুদ্ধ করার চেষ্টা করে, তখন বেইজিং জ্বালানি তেল-গ্যাস ক্রয় বাড়িয়ে এবং রুশ সামরিক শিল্পে ব্যবহৃত স্পর্শকাতর প্রযুক্তি ও যন্ত্রাংশ সরবরাহ করে মস্কোর প্রধান অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত হয়। তবে একই সঙ্গে পশ্চিমাদের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা এবং ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান রক্ষা করা শি জিনপিংয়ের জন্য বেশ সংবেদনশীল। তদুপরি, এপেক সম্মেলনে যেখানে চীনের মূল লক্ষ্য নিজেদের উন্মুক্ত বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতার পতাকাবাহী হিসেবে তুলে ধরা, সেখানে প্রভাবশালীদের এই আলাদা ত্রিপক্ষীয় আলোচনা সম্মেলনে ঘোষিত বহুপক্ষীয়তার মূল বার্তা আড়াল করে দিতে পারে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ হু তিয়াং বুন উল্লেখ করেছেন, বহুপক্ষীয় কূটনীতির যে আদর্শ বেইজিং প্রচার করে, এ ধরনের তিন শক্তিভিত্তিক বৈঠক তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অতীতে এই তিন দেশের প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ২০১৩ সালের পর থেকে শি জিনপিং ও পুতিনের মধ্যে ৪০টিরও বেশি সাক্ষাৎ হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাতবার এবং শি জিনপিংয়ের সঙ্গে আটবার মুখোমুখি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। তবে এই প্রথম তিনটি পরাশক্তির প্রধানেরা একই সঙ্গে যৌথ আলোচনায় বসতে যাচ্ছেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবনের মতে, এই বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বনেতার ভাবমূর্তি প্রদর্শনের একটি বড় রাজনৈতিক মঞ্চ হতে পারে, কিন্তু বৈশ্বিক সংঘাত বা চলমান যুদ্ধ বন্ধে এর প্রভাব অত্যন্ত সীমিত। সার্বিকভাবে, শেনজেনের এই মহামিলন তাৎক্ষণিক কোন বড় চুক্তি না আনলেও ভবিষ্যতের বৈশ্বিক শক্তিসমীকরণ ও তিন পরাশক্তির গতিপথ স্পষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh