আইনজীবী পরিচয়ের সত্যতা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

Published: October 15, 2026, 3:49 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনজীবী হিসেবে পেশাগত যোগ্যতা ও নিবন্ধন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প তাকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও, বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ওয়াশিংটন ডিসিতে তার আইন পেশার কোনো প্রাতিষ্ঠানিক রেকর্ড খুঁজে পায়নি। গত সোমবার হোয়াইট হাউসে যোগদানের পর থেকেই তার এই পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জাকারিয়ার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনের বেইজিংয়ে ঝং লুন ল ফার্মে সহযোগী হিসেবে কাজ করেছেন। এরপর ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিক গ্রেনেলের প্রতিষ্ঠিত ফিক্স ক্যালিফোর্নিয়ায় জেনারেল কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গ্রেনেল রয়টার্সকে জানিয়েছেন, জাকারিয়া মূলত একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন এবং বিভিন্ন দায়িত্বের অংশ হিসেবে তিনি বাইরের আইনজীবীদের নেতৃত্ব দিতেন। এদিকে ঝং লুন ল ফার্ম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিজের পেশাগত যোগ্যতা নিয়ে বুধবার এক ই-মেইল বিবৃতিতে জাকারিয়া দাবি করেন, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন নিয়ে কাজ করেছেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সব যোগ্যতা তার রয়েছে। তবে পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে আইন ডিগ্রিধারী জাকারিয়া কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যখন চীনে গিয়েছিলাম।’ আইন বিশেষজ্ঞরা বলছেন, চীনে বিদেশিরা আইনি পরামর্শক হিসেবে কাজ করতে পারলেও সরাসরি আইনজীবী হিসেবে পেশাগত চর্চার সুযোগ নেই।

হিউস্টন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রেনে নেকে জেফারসন জানান, এটি কেবল শব্দগত বিতর্ক নয়, বরং জনস্বার্থের সাথে জড়িত। তার মতে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে আইনজীবী হওয়া বাধ্যতামূলক না হলেও, কোনো সরকারি কর্মকর্তা এমন পরিচয়ের দাবি করলে জনগণের সঠিক তথ্য জানার অধিকার রয়েছে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই নিয়োগ হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যেও বিস্ময় সৃষ্টি করেছে। সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগস্টে বিদায় নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের অর্জনগুলো আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে জাকারিয়াকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি মাত্র ১৫ মিনিটের কম সময়ে ব্রিফিং শেষ করেন এবং সাংবাদিকদের সামনে নিজের স্বামীকে ভুলবশত ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করে বিতর্কের জন্ম দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল এবং সমালোচনা অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy