৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

Published: October 21, 2026, 5:39 am

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি ভিসা বাতিলের এই হার বেশ দ্রুতগতিতে বেড়েছে বলে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এ ধরপাকড় ও দেশ থেকে বের করে দেওয়ার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সর্বশেষ পরিসংখ্যানটি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। তিনি জানান, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুতগতিতে সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে। জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, যেসব বিদেশি নাগরিক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ করেন, জালিয়াতি করেন কিংবা জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেন, তাদের প্রতি মার্কিন প্রশাসনের কোনো প্রকার সহানুভূতি নেই।

তবে সরকারের এই কঠোর পদক্ষেপে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। তাদের মতে, যথাযথ আইনি প্রক্রিয়া এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে এক ধরনের অনিরাপদ পরিবেশ তৈরি করা হচ্ছে। এতে বিশেষ করে বর্ণগত প্রোফেইলিংয়ের আশঙ্কায় রয়েছে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়গুলো। অধিকারকর্মীরা অভিযোগ তুলেছেন যে, সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সমালোচকদের লক্ষ্যবস্তু করছে এবং জালিয়াতির বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ব্যবহার করে মিনেসোটার সোমালি আমেরিকানদের মতো অভিবাসী সম্প্রদায়গুলোকে ঢালাওভাবে টার্গেট করছে।

বিশেষ যেসব ক্ষেত্রে ভিসা বাতিলের ঘটনা সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে, তার মধ্যে রয়েছে গাজায় মার্কিন মিত্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিদেশি বিক্ষোভকারীদের ভিসা বাতিল। পাশাপাশি রক্ষণশীল ধারাভাষ্যকার চার্লি কার্কের গুপ্তহত্যার বিষয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করা বিদেশি নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। বিদেশি বিক্ষোভকারীদের দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টার পাশাপাশি ভিসা আবেদনকারী ও অভিবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন।

যদিও ২০২৪ সালে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ডনাল্ড ট্রাম্প প্রচারণা চালিয়েছিলেন, তবে তার প্রশাসন আইনি অভিবাসনকেও কঠিন করে তুলেছে। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট কিছু কাজের ভিসার জন্য তারা বিপুল পরিমাণ ফি আরোপ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin