দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর চলমান উদ্যোগের অংশ হিসেবে জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এই গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে এই কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে কূপটির খনন সম্পন্ন করা হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননের পর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করা হয়।
এর আগে গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছিল। পরীক্ষামূলক সেই সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। নতুন এই কূপটি যুক্ত হওয়ায় দেশের গ্যাসের সরবরাহ আরও বাড়বে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।





