এক রাতেই তিন দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ ও সীমান্ত এলাকা

Published: October 4, 2026, 3:30 am

শনিবার দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। ঘন ঘন এই কম্পনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিট থেকে শুরু করে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।

প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ১২টা ১২ মিনিটে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এর ঠিক এক মিনিট পর, অর্থাৎ রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এই মাঝারি মাত্রার কম্পনটি বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।

সর্বশেষ রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনটির প্রভাব রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মৃদুভাবে অনুভূত হয়েছে। অল্প সময়ের ব্যবধানে একের পর এক ভূমিকম্পের ধাক্কায় গভীর রাতে বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin