লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ উদ্দিন নামে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস মেহরাজকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহরাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির সন্তান। সে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল হেরা একাডেমিতে পড়াশোনা করত। মেহরাজের মা সারমিন আক্তার ওই একাডেমির একজন শিক্ষিকা হিসেবে কর্মরত থাকায় সন্তানকে নিয়ে এলাকাটিতে বসবাস করতেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার আওতাধীন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনি প্রক্রিয়ার প্রাথমিক কার্যক্রম শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০: ৩১আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১: ০২





