যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কোনো ধরনের সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রেসিডেন্ট লি জে মিয়ং স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন কোনো সেনা মোতায়েন করা হবে না। তিনি বলেন, 'সংঘাতে জড়িয়ে পড়বে এমন কোনো সেনা পাঠানো হবে না। যুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততাও থাকবে না।'
তবে দক্ষিণ কোরিয়ার জন্য হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। এই রুট দিয়ে দেশটির অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। ইরানকে ঘিরে তৈরি হওয়া সংঘাত এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্রমবর্ধমান তৎপরতার কারণে এই নৌপথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংঘাতের শুরুতে ঝুঁকিপূর্ণ জলসীমা এড়িয়ে চলায় অনেক জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যা দক্ষিণ কোরিয়ার জন্য অপরিশোধিত তেল সংগ্রহকে কঠিন করে তুলেছিল।
এই পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট লি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার নাগরিক ও তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় 'ন্যূনতম মাত্রার কার্যক্রম' অব্যাহত রাখা হবে। দক্ষিণ কোরিয়ার চেওংহে সামরিক ইউনিট বর্তমানে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং তাদের কার্যক্রম আরও জোরদার করার উপায় নিয়ে সরকার পর্যালোচনা করছে। তবে প্রেসিডেন্ট লি পুনরায় জোর দিয়ে বলেছেন, যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কোনো সেনা সেখানে মোতায়েন করা হবে না।
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৯





