মোহাম্মদপুরে চালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ২৬ অক্টোবর

Published: October 8, 2026, 9:09 am

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। তবে মামলার অন্যতম দুই আসামি নাঈম ও সাজ্জাতকে অন্য আদালতে মামলা থাকায় আজ আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে শুনানির সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ২৬ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে নিজের ট্রাকটি রেখে বাসায় ফিরছিলেন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ঘটনার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ প্রধান আসামি শেখ হাসিনা পলাতক রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন বর্তমানে কারাগারে বন্দি আছেন এবং ১০ জন আসামি জামিনে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin