নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান জানিয়েছেন যে তিনি ক্যানসারে আক্রান্ত। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। শামীম ওসমানের দাবি অনুযায়ী, তার ক্যানসার বর্তমানে চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’ তবে তার অসুস্থতার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিকিৎসা প্রতিবেদন বা হাসপাতালের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টকশোতে শারীরিক অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন শামীম ওসমান। তিনি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ টেনে দাবি করেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য না দেওয়া সত্ত্বেও তাকে নয় মাস কারাভোগ করতে হয়েছে। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও শামীম ওসমান উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা নিয়ে শামীম ওসমান বলেন, একসময় এই জেলার সংগঠনটি গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি এবং কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, বিভাজনের রাজনীতি এবং কেন্দ্রীয় নেতৃত্বের দায়বদ্ধতার অভাবেই দলের সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে এবং এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন সাবেক এই সংসদ সদস্য। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে। এছাড়া, নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামীম ওসমান।





