কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। এই তাণ্ডবের বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
নিজের পোস্টে ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, 'মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।'
বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজদের দৌরাত্ম্য ও তাদের নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির লেখেন, 'কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন?' তিনি আরও বলেন, 'একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।'





