সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চাইল ঢাকা

Published: October 20, 2026, 4:01 am

সৌদি আরবের আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই বাংলাদেশির মামলার বিস্তারিত জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে সরকার বিষয়টি আরও স্পষ্টভাবে মূল্যায়ন করতে পারবে।

প্রতিমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ঢাকা ইতিমধ্যে যোগাযোগ করেছে এবং এখন উত্তরের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, সাধারণত সৌদি আরব নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দী বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেখানকার মিশনগুলোতে পাঠায়। এখন এই দুই ব্যক্তির নাম সেই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও ফেসবুক পোস্ট দেখে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘অনুগ্রহ করে ধৈর্য ধরুন এবং আমাদের রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে পারব।’

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কাছে এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই এবং পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি সৌদি আরবের বর্তমান প্রতিক্রিয়াকে ‘খুবই ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছেন।

শামা ওবায়েদ আরও বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যেন নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ গন্তব্য এবং রেমিট্যান্সের অন্যতম বড় উৎস হিসেবে দেশটির গুরুত্ব অপরিসীম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo