সাতক্ষীরায় শুরু হলো ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা

Published: October 2, 2026, 7:46 am

দুই বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে সাতক্ষীরায় আবার শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো এলাকা জুড়ে বসেছে হরেক রকমের স্টল। মেলায় প্রায় শতাধিক মনোহরি পণ্যের দোকান ছাড়াও রয়েছে লোহার তৈরি সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র এবং নার্সারির দোকান। বিনোদনের জন্য শিল্পকলা একাডেমির সামনে স্থাপন করা হয়েছে নাগরদোলা, রেলগাড়ি ও নৌকা। পাশাপাশি পার্কের ভেতরে দর্শনার্থীদের জন্য বসেছে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান। প্রাথমিকভাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত মেলাটি চলবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh