রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। 'অননুমোদিত' গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ওয়্যারহাউজগুলোতে প্রাথমিকভাবে 'গুরুতর অসংগতি' পাওয়ার কারণে 'অধিকতর যাচাইয়ের জন্য' সেগুলো সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানের অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দুটি। তবে অভিযান পরিচালনার সময় দেখা যায়, তারা মোট চারটি গুদামে পণ্য মজুত করে রেখেছিল।
উল্লেখ্য, এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সেখানে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এই হামলার ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এই মামলায় এ পর্যন্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





